কাবা ঘরকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়লেন আগৈলঝাড়ার বিএনপি নেতা

বরিশাল জার্নাল ডেস্ক

সৌদি আরবে পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামের এক নেতা। তিনি জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহসভাপতি। 

গতকাল সোমবার কাবা ঘরকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন সাদ্দাম।

ওই পোস্টের মন্তব্যের ঘরে সাদ্দাম লিখেছেন, তার বাবা, চাচাসহ পরিবারের প্রায় ৯০ শতাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনিও দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি কর্মসূত্রে সৌদি আরবে অবস্থান করছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার পক্ষে আর রাজনীতি করা সম্ভব নয়। তবে বিএনপির প্রতি তার কোনো অভিযোগ নেই।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির প্রতি তার ভালোবাসা রয়েছে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, নিজেকে বড় রাজনীতিবিদ বা ত্যাগী নেতা-কর্মী দাবি না করে সম্মানের সঙ্গে রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সাদ্দাম হাওলাদার কর্মসূত্রে দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। কারও সঙ্গে কোনো বিরোধ বা ক্ষোভ থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন কি-না তা খতিয়ে দেখা হবে।’

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top