জিব্রান কাদির, উজিরপুর
বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় কাওসার হাওলাদার (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় রশিদ আমিন রিপন নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
গতকাল রাত ৯টা ৩০ মিনিটের দিকে সাতলা-কান্দি সীমান্তে এ মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। নিহত কাওসার হাওলাদার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামের মোঃ মোনাফসের হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাতলা-কান্দি সীমান্ত এলাকায় কাওসার ও রিপন অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করেই ১২ থেকে ১৩ জনের একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও দেশীয় লাঠিসোটা দিয়ে কাওসারকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। তাকে বাঁচাতে এলে রশিদ আমিন রিপনও হামলায় আহত হন।
ঘটনার পর স্থানীয়রা ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় কাওসারকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন।
হামলার পর এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।




