নেপালের এক বাড়িতে মিলল ২৪ লাশ

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের একটি বাড়ির ভেতরেই মিলল ২৪ জনের লাশ। ভয়াবহ আকস্মিক বন্যার পানির সঙ্গে আসা কাদার নিচে চাপা পড়ে এসব মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারীদের আশঙ্কা, ওই বাড়ির ভেতর আরও লাশ চাপা পড়ে থাকতে পারে।

নেপালের বিদুরের একটি বাড়ি থেকে এসব লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যার সময় নিজ বাড়ির ভেতর আটকা পড়েছিলেন তারা। পরে বন্যার পানির সঙ্গে আসা কাদার নিচে চাপা পড়ে তাদের নির্মম মৃত্যু হয়।

গতকাল সোমবার (৩১ আগস্ট) বাড়িটি থেকে এসব লাশ উদ্ধার করা হয়।

বিদুরের পুলিশ সুপার বিপিন রেগমি জানিয়েছেন, উদ্ধারকারীরা আজ মঙ্গলবার ওই বাড়িতে আরও লাশের সন্ধানে অভিযান চালাবেন। তিনি বলেন, ‘আমাদের ধারণা সেখানে আরও লাশ চাপা পড়ে আছে।’

স্থানীয় পৌরসভার কর্মকর্তা মঙ্গল তমঙ্গ জানিয়েছেন, উদ্ধার করা লাশগুলোর মধ্যে একটি শিশুর। অন্যগুলো প্রাপ্তবয়স্কদের।

তিনি বলেন, ছয়টি লাশ হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি লাশগুলো এখনো শহরে রয়েছে। সেগুলোও কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে।

শুধু একটি বাড়ির ভেতরেই এতগুলো লাশ পাওয়ায় ওই এলাকার অন্য বাড়িগুলোতেও লাশ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে এলাকায় আরও উদ্ধার অভিযান চালানো হবে।

ভয়াবহ ওই আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা ৯৫০ ছাড়িয়ে গেছে। অনেক এলাকায় এখনো ঠিকমতো উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top