উজিরপুরে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় শেরে বাংলা ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন

জিব্রান কাদির, উজিরপুর

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে সামাজিক সংগঠন ‘ইস্ট মশাং ইয়াং ইউনিটি’ (EMYU)-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘তৃতীয় আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। শনিবার (২৪ অক্টোবর) সকালে চকমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিতর্কের চূড়ান্ত পর্বের বিষয়বস্তু ছিল— ‘প্রান্তিক উন্নয়নে সরকারের উদ্যোগের চেয়ে তরুণদের স্বেচ্ছাসেবী কাজ বেশি কার্যকর।’ এতে বিষয়টির পক্ষে যুক্তি তুলে ধরে শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজ এবং বিপক্ষে অবস্থান নেয় শেরেবাংলা ডিগ্রি কলেজ। যুক্তি, পাল্টা যুক্তি ও তথ্যভিত্তিক বিশ্লেষণের মধ্য দিয়ে বিতার্কিকরা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, সরকারি প্রকল্পের স্থায়িত্ব ও তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রভাব তুলে ধরেন। শ্বাসরুদ্ধকর এ লড়াইয়ে বিচারকদের রায়ে শেরে বাংলা ডিগ্রি কলেজ বিজয়ী এবং শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সদস্য ও ইস্ট মশাং ইয়াং ইউনিটির উপদেষ্টা রফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফ মাহমুদ জুয়েল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট মশাং ইয়াং ইউনিটের উপদেষ্টা রিয়াজ ফকির, লুৎফুজ্জামান রিপন, হাফেজ মো. কাওছার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উজিরপুর উপজেলা আমির সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল খালেক, চকমান ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক মল্লিক, সংগঠনের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সবুজ, শাকুর শিকদার এবং বর্তমান সভাপতি তানভীর আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে আয়োজকদের প্রশংসা করে বলেন, তরুণদের মেধা ও মনন বিকাশ, যুক্তিবাদী চিন্তাধারা, নেতৃত্বের দক্ষতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অনন্য ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মাঝে গঠনমূলক বিতর্কের চর্চা যেমন বাড়াবে, তেমনি দেশের ও সমাজের টেকসই উন্নয়নে তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবী কাজে আরও উৎসাহিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top