বাকেরগঞ্জে বালুভর্তি বস্তায় বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের বাকেরগঞ্জে বালুভর্তি বস্তায় বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই হনুফা বেগম, ইতি ও ফাহিম দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ হনুফা বেগমের ছেলে জামাল হাওলাদার জানান, ঘরের পাশে রাখা কয়েকটি বালুর বস্তার মধ্যে বিস্ফোরণ হলে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা ঘরের সামনে থাকা নদীতে ঝাঁপ দেন। ততক্ষণে তাদের শরীরের কাপড় পুড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top