বরিশাল জার্নাল ডেস্ক
২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগ এনে অভিনেতা, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
আজ রবিবার দুপুরে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এ অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্র গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগগুলো তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্ররোচনা, সমর্থন ও উসকানি দিয়েছেন। অভিযোগে আরও বলা হয়, গণ–অভ্যুত্থানের পরও তাঁরা বিভিন্ন বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট এবং অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে উসকানিমূলক ভূমিকা পালন করেছেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেত্রী অরুণা বিশ্বাস, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, অভিনেত্রী ও নির্দেশক রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী তানভীন সুইটি, নাট্যব্যক্তিত্ব হৃদি হক, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী সোহানা সাবা, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল, অভিনেত্রী শামীমা তুষ্টি, কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, অভিনেত্রী আশনা হাবীব ভাবনা, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা আজিম, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা অজিজুল হাকিম, অভিনেতা চন্দন রেজা, মডেল মারিয়া কিশপট্টা, শান্তা ফারজানা, উপস্থাপিকা সোমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীর।
অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্নভাবে অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে উসকানি দিয়েছেন। তাঁর দাবি, গণ–অভ্যুত্থানের পরও তাঁরা বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের মাধ্যমে আন্দোলনের অংশগ্রহণকারীদের কটাক্ষ ও উসকানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের কারও বক্তব্য বা প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




