বরিশাল জার্নাল ডেস্ক
বিশ্বকাপ শেষ হয়েছে, তবে আর্জেন্টিনা দলের ভেতরের নানা গল্প এখনো সামনে আসছে। এবার প্রকাশ পেয়েছে সতীর্থদের প্রতি অধিনায়ক লিওনেল মেসির বিশেষ একটি উপহারের কথা। বিশ্বকাপ দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত নাম লেখা মাতে পানের সরঞ্জাম তৈরি করিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির উপহারটি প্রথম প্রকাশ করেন আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বোয়ার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সেনেসির পাওয়া বাদামি রঙের বিশেষ ব্যাগটি খুলে দেখান তিনি।
ব্যাগের সামনে ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো, বিশ্বকাপ ট্রফির ছবি ও মার্কোস সেনেসির নাম। দলের প্রত্যেক খেলোয়াড়ের জন্যই তাঁদের নাম দিয়ে আলাদাভাবে ব্যাগগুলো তৈরি করা হয়েছিল।
ব্যাগের ভেতরে ছিল মেসির নিজস্ব ব্র্যান্ডের লোগোসংবলিত সোনালি রঙের স্ট্যানলি তাপরোধী ফ্লাস্ক। সঙ্গে দেওয়া হয়েছিল মাতে পানের কাপ, ইয়েরবা মাতে এবং পানীয় পানের জন্য বিশেষ ধাতব নল। আর্জেন্টিনার সংস্কৃতি ও জাতীয় দলের ড্রেসিংরুমে মাতে পান বেশ পরিচিত একটি প্রথা।
ভিডিওতে বোয়ার্স জানান, মেসি আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়কেই একই ধরনের উপহার দিয়েছেন। সেনেসি উপহারটি নিরাপদে রাখার জন্য তাঁর কাছে দিয়েছিলেন। পরে সেটি মায়ামিতে নিয়ে যাওয়ার কথাও বলেছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার।
লিওনার্দো বালের্দির চোটের পর আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন সেনেসি। লিওনেল স্কালোনির দলের সঙ্গে ফাইনাল পর্যন্ত যাত্রার অংশ ছিলেন বোর্নমাউথের এই ডিফেন্ডার।
অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের ফল ছাপিয়েও আলোচনায় এসেছে দলটির পারস্পরিক বন্ধন।




