এবার কি রাজনীতিতে যোগ দেবেন ককরোচ পার্টির নেতারা

বরিশাল জার্নাল ডেস্ক

টানা ৩৬ দিনের লড়াই শেষে জয় পেয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীরা ফিরে গেছেন ঘরে। এই সফল আন্দোলনের নেতৃত্ব দেওয়া সিজেপি নেতারা রাজনীতিতে যোগ দেবেন কি না, তা নিয়ে সব স্তরে কৌতূহল তৈরি হয়েছে।

এ বিষয়ে সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি । সিজেপির এ দুই মুখপাত্র জানান, ককরোচ জনতা পার্টি আপাতত পূর্ণকালীন রাজনীতিতে যোগ দিচ্ছে না। তারা জানিয়েছেন, তাদের বর্তমান লক্ষ্য দেশজুড়ে যুবভিত্তিক তৃণমূল আন্দোলনকে আরো শক্তিশালী করা।

আশুতোষ রাঙ্কা বলেন, আপাতত তিনি বাড়ি ফিরে বিশ্রাম নিতে চান। ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘ভারতে কোনো কিছুই কখনো পুরোপুরি নাকচ করা যায় না।’

অন্যদিকে মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট করে বলেন, বর্তমানে রাজনৈতিক দল গঠন তাদের লক্ষ্য নয়। তিনি জানান, দেশে বহু রাজনৈতিক দল থাকলেও তরুণদের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হয়েছে। তাই সিজেপি এমন একটি গণআন্দোলন গড়ে তুলতে চায়, যাতে যে দলই ক্ষমতায় থাকুক, তরুণদের দাবি পূরণে বাধ্য হয়।

রাঙ্কা জানান, সরকারের সঙ্গে শেষ দফার বৈঠকে বাকি দাবিগুলোর বিষয়ে দ্রুত সমঝোতা হয়। শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া সংগঠক ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের বিষয়েও সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে তিনি দাবি করেন।

সরকার এত দেরিতে আলোচনায় কেন এগিয়ে এলো—এ প্রশ্নের জবাবে রাঙ্কা বলেন, এর উত্তর সরকারেরই দেওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্দোলনকারীদের ‘দেশবিরোধী’ বলে আখ্যায়িত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top