আমাদের চাওয়া শতভাগ পূরণ না হলে ইরানের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সব দাবি পূরণ না হলে ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইউরোপীয় মিত্রদের উদ্দেশে বলেছেন, তারা ভাগ্যবান যে যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে তাকে পেয়েছে।

শনিবার ফ্রান্সের সংবাদমাধ্যম এলসিআইকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, তিনি কি ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার কথা ভাবছেন? জবাবে ট্রাম্প বলেন, ‘যদি আমরা আমাদের চাওয়া শতভাগ অর্জন করতে না পারি, তাহলে অবশ্যই পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু করব।’

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, তিনি শুক্রবার ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানো থেকে মার্কিন সেনাবাহিনীকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। এর ফলে টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা দৈনিক হামলার ধারাবাহিকতায় সাময়িক বিরতি আসে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, আগের ১৩ দিন প্রতিদিনের হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেও শুক্রবারের পরিকল্পিত হামলায় আর সবুজ সংকেত দেননি ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত সাময়িক বিরতি নাকি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তনের সূচনা, তা এখনো স্পষ্ট নয়।

সাক্ষাৎকারে ইউরোপীয় মিত্রদের উদ্দেশে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘তারা ভাগ্যবান যে আমি তাদের বন্ধু।’

এ সময় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর তিনি নতুন করে শুল্ক আরোপের কথা ভাবছেন কি না—এমন প্রশ্নও করা হয়। তবে ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আপনাকে অনেক ধন্যবাদ।’

এর এক দিন আগে, শুক্রবার ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন। তিনি অভিযোগ করেন, ইইউ অন্যায্যভাবে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বহু বিলিয়ন ডলারের জরিমানা আরোপ করছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এই অবৈধ এবং অত্যন্ত অনৈতিক আচরণের জন্য ইউরোপীয় ইউনিয়নকে খুব বড় মূল্য দিতে হবে।’

ওই পোস্টে তিনি বিশেষভাবে অ্যাপল, মেটা, অ্যামাজন এবং গুগলের ওপর ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা জরিমানার কথা উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, এসব জরিমানা শেষ পর্যন্ত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তার প্রশাসন যত দ্রুত সম্ভব ইউরোপীয় ইউনিয়নের ওপর উল্লেখযোগ্য হারে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ সূত্রঃ আনাদুলু এজেন্সি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top