বরিশাল জার্নাল ডেস্ক
কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম স্ত্রী ও দুই সন্তান রেখে ভাগনিকে বিয়ে করার অভিযোগে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার প্রথম স্ত্রী আদালতে মামলা করেছেন।
শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে থানা রোডসংলগ্ন ছোয়ানির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবদল নেতার নাম আরিফ প্রধান (৩৮)। তিনি উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। আরিফ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আরিফ প্রধানের প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা অবস্থায় প্রতিবেশী চাচাতো বোনের মেয়েকে বিয়ে করেন। এ ঘটনায় তার প্রথম স্ত্রী মোসা. লিজা আক্তার কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এ বিষয়ে মেঘনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রথম স্ত্রীর করা মামলায় আরিফ প্রধানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডেইলি ক্যাম্পাস




