সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: চরমোনাই পীর

বরিশাল জার্নাল ডেস্ক

সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, জনগণ জুলাই পরবর্তী সময়ে যাদের কাছে দেশের ক্ষমতা দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অনীহা প্রমাণ করেছে, তারা দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, ভালো নেতা ও ভালো নীতি ছাড়া জাতির মুক্তি নেই। ভালো নেতা ও নীতির সমন্বয় না হলে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের স্বপ্ন কোনো দিন বাস্তবায়ন হবে না। দেশে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক দূর করার জন্য ইসলামের শ্রেষ্ঠ আদর্শের বিকল্প নেই।

তিনি বলেন, কালো বর্ণের লোকের নাম সাদা মিয়া রাখলে যেমন সে সাদা হয়ে যায় না, তেমনি ইসলামের নাম দিয়ে অনৈতিকতা, উশৃঙ্খলতা, ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না। বরং ইসলামের নামে বিজাতীয় সংস্কৃতি, অনৈতিকতা, অনৈসলামিক কর্মকাণ্ড করা হয়, তাতে ইসলাম কলঙ্কিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন এবং দক্ষিণের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন হুজাইফের যৌথ সঞ্চালনায়

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম।

গাজী আতাউর রহমান বলেন, সরকার দলীয় হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু বলেছেন, এ দেশে চাঁদাবাজি নির্মূল করা যাবে না। এটা দুঃখজনক। সরকারকে মানুষ ক্ষমতায় এনেছে দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য। যদি তাতেই তারা ব্যর্থ হয়, তাহলে সরকারের কাজটা কী?

তিনি আরও বলেন, এই সরকার বলেছিল এক কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিল-ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কর্মসংস্থান সংকোচন করছে।

মহাসচিব বলেন, বর্তমানে সংসদে কার্যকরী কোনো বিরোধী দল নেই। জামায়াত জোটের সংসদ সদস্যরা সরকারের তল্পিবাহকে পরিণত হয়েছে। তারা সংসদে কুসুম কুসুম বিরোধিতা করে, কিন্তু জনগণের স্বার্থে কথা বলে না।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top