গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড

বরিশাল জার্নাল ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর টিফিনের রুটির মধ্যে পাওয়া গেছে একটি ধারালো ব্লেড। বিষয়টি জানাাজানি হলে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন।

বুধবার (২২ জুলাই) বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যালয়টির প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ টিফিনের রুটিটি খাওয়ার সময় ছেঁড়ার একপর্যায়ে ভেতরে একটি ব্লেড দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানায়।

রুটিটি খাওয়ার আগেই ব্লেডটি নজরে আসায় কোনো শারীরিক দুর্ঘটনার শিকার হয়নি শিশুটি। বৃহস্পতিবার সকালে ছাত্রী আলমতাজের সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা সাইফুন নাহার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছে।

ঘটনার পর স্থানীয় অভিভাবকেরা শিক্ষার্থীদের সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’-এর প্রতিনিধি আরিফ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top