একসঙ্গে তিন বোনের জন্ম, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি

বরিশাল জার্নাল ডেস্ক

তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান–তিন বোনের জন্ম একসঙ্গে (ত্রয়ী)। একসঙ্গে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় তারা। পরীক্ষায় সাফল্য অর্জন করেছে তারা। তিন বোন ট্যালেন্টপুলে পেয়েছে বৃত্তি।

তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তার দম্পতির সন্তান।

২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।

পরিবার ও শিক্ষকরা জানান, ছোটবেলা থেকে তিন বোন শান্ত-শিষ্ট ও শৃঙ্খলাপরায়ণ। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং শেখার প্রতি প্রবল আগ্রহ তাদের এই সাফল্যের মূল ভিত্তি।

বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

বাবা আইনজীবী তারিকুর রহমান তারিক বলেন, সৃষ্টিকর্তার কাছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তম জ্ঞান ও নৈতিক চরিত্র গঠনের জন্য দোয়া কামনা করছি। সবার কাছে মেয়েদের জন্য দোয়া চাই।

কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন শুধু তাদের পরিবারের গর্বই নয়, কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনের জন্যও একটি অনন্য ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top