সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

বরিশাল জার্নাল ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীতে মাছ ধরার জালে প্রায় ১০ কেজির একটি বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়েছে। পরে স্থানীয় যুবকদের উদ্যোগে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার এক জেলে শুক্রবার দুপুরে নদীতে মাছ ধরার সময় জালে কচ্ছপটি আটকা পড়ে। পরে তিনি সেটি বাড়িতে নিয়ে রাখেন।

কচ্ছপ ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার স্থানীয় যুবক আশিক ও সাইফুল ইসলাম গ্রামবাসীদের নিয়ে জেলের বাড়িতে যান। পরে বেলা ২টার দিকে কচ্ছপটি উদ্ধার করে ‘কমিউনিটি পেট্রোলিং গ্রুপ’ (সিপিজি) সদস্যদের মাধ্যমে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন আনুমানিক ১০ কেজি।

কলাগাছিয়া বন স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্থানীয়রা কচ্ছপটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে এটি বন বিভাগের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, কচ্ছপটি বিরল প্রজাতির। তবে এটি ঠিক কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিষয়টি নির্ধারণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top