চরফ্যাশনে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

চরফ্যাশন প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ, ভোলার চরফ্যাশন রেঞ্জের উদ্যোগে উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফরিদ ভূইয়া, উপকূলীয় বন বিভাগ চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা মো: ছালাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে গাছ লাগানো এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

পরে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে চরফ্যাশন পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলার অন্যান্য স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top