মোঃ জিহাদ, মনপুরা (ভোলা)
ভোলা জেলার মনপুরা উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দ বাজার থেকে আলম বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরেই কাঁচা অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদামাটিতে সয়লাব হয়ে যায়। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, রোগী, ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।
পুরো সড়কজুড়ে গভীর কাদা ও পানির কারণে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। মোটর সাইকেল, ভ্যান, অটোরিকশাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। অনেক সময় শিক্ষার্থীদের জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে বিদ্যালয় ও মাদ্রাসায় যেতে হয়।
স্থানীয়দের দাবি, এই সড়ক দিয়ে প্রতিদিন চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী যাতায়াত করে। পাশাপাশি কয়েকটি গ্রামের হাজারো মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম এই সড়ক; কিন্তু বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে রোগী নিয়ে হাসপাতালে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। কৃষিপণ্য বাজারজাত করতেও ভোগান্তির শেষ থাকে না। ফলে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশা করেন, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে মনপুরাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটে।
মনপুরা উপজেলার অবকাঠামোগত উন্নয়নে এই সড়কের সংস্কার এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।




