আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না: বাপ্পারাজ

বরিশাল জার্নাল ডেস্ক

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নির্বাচনকে ঘিরে সুস্থ ও আনন্দমুখর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্প্রতি অংশ নেওয়া এক সংবাদ সম্মেলনে শিল্পীদের উদ্দেশে বাপ্পারাজ বলেন, আমরা শিল্পীরা সবাই এক। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। আমরা সবাই একটি পরিবারের মতো। ইউনাইটেড থাকতে চাই। কিছুদিন আগেও আমরা বসেছিলাম।

তিনি আরও বলেন, আমার প্যানেলের ও আমার বিপরীতে যারা ছিলেন, তাদের বলেছি, কোনো বিভেদের মধ্যে আমরা যাব না। কেউ কারো বিরুদ্ধে কথা বলব না। কাউকে আঘাত দিয়ে কটু কথা বলব না। আনন্দ-উৎসবের মাধ্যমে নির্বাচন হবে—এইটাই চাই।

অতীতের বিভিন্ন ঘটনা টেনে এনে বিভাজন তৈরির পক্ষেও নন বলে জানান এই অভিনেতা।

তিনি বলেন, অতীতে কী হয়েছে, সেটি নিয়ে কোনো কথা বলতে চাই না। যা হয়ে গেছে, হয়ে গেছে। শিল্পীদের একটা সৌন্দর্য আছে, শিল্পীদের যে পরিবেশ থাকে, সেটি যেন এই নির্বাচনের মাধ্যমে আবার অর্জন করতে পারি। সুযোগ পেলে সেই চেষ্টা করতে চাই।

এদিকে, শিল্পীদের নিরাপত্তা ও ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে আলোচনার নিজের অবস্থান পরিষ্কার করে বাপ্পারাজ বলেন, শিল্পীর নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কখনোই তেমন কিছু ছিল না। বিগত কিছু সময়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে অতীতে নিজেদের শক্তিমত্তা জাহির করার জন্য হয়তো নিরাপত্তা বাহিনীকে আনা হয়েছিল। আমাদের শিল্পীদের কিন্তু নিরাপত্তার দরকার নেই।

তিনি আরও বলেন, আমরা তো কোনো দিন বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যারা কোনো ছবি করেনি, পাঁচটি সিনেমা করেনি, যাদের কোনো ক্রেজ নেই তারা দুই-তিনটা বডিগার্ড নিয়ে ঘোরে! আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top