মোঃ হানফি সরদার, গৌরনদী (বরিশাল) : চোর সন্দেহে গণপিটুনিতে নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার সালতা গ্রামে সাগর মোল্লা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। নিহত সাগরের বাড়ি উপজেলার ডুমুরিয়া গ্রামে। সে ওই গ্রামের সিরাজ মোল্লার ছেলে।
নিহত যুবকের পিতা সিরাজ মোল্লা অভিযোগ করেন, কর্মের সুবাদে পরিবার নিয়ে আমরা মাদারীপুর শহরে থাকি। গত ১৪ এপ্রিল রোববার দিবাগত রাতে আমার ছেলে সাগত আমাদের গ্রামের বাড়ি গৌরনদী উপজেলার ডুমুরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে মাদারীপুর শহরের বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে উপজেলার সালতা গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় ওই গ্রামের আসিফ খান, আল আমিন মোল্লাসহ কমপক্ষে ২০ জন লোক তাকে ধরে চোর সন্দেহে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর গুরুতর আহত অবস্থায় তারা সাগরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। টানা দুইদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মারা যায় সাগর। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সালতা গ্রামের মজিবর খানের ছেলে আসিফ খানের বাড়িতে প্রবেশ করে সাগর। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে সাগরকে আটক করে। পরে উত্তেজিত জনতা সাগরকে গণপিটুনি দেয়। তার অবস্থা বেগতিক দেখে ওইদিন রাত সাড়ে ৩টার দিকে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। টানা ২দিন চিকিৎসাধীন থাকার পর সে মারা যায়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।



