বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী মুরশিদা (৩০) কে ২৩ নভেম্বর শনিবার দুপুর ১২ টার দিকে তার নিজস্ব বাড়ির পুকুর পাড় থেকে ‘চিত্রিত ঢোরা’ নামক একটি সাপ দংশন করে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় সেই দংশন করা সাপটিকে মেরে সাপটিসহ বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন।
তবে বাংলাদেশের ‘ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম’ এর স্নেক এক্সপার্টরা সাপটিকে মারার তীব্র নিন্দা করে জানান, ‘এই সাপটি নিরিহ এবং সম্পূর্ণ নির্বিষ। যেটি চিত্রিত ঢোড়া নামে পরিচিত। এর ইংরেজী নাম হলো ‘Painted keelback’। সামান্য এন্টিসেপটিক দিয়ে ধুয়ে ফেললেই যথেষ্ট হয়ে যায়।’ তবে তারা বাড়তি সতর্কতা হিসেবে তারা টিটেনাস ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিয়েছেন।
মুরশিদা বেগম বর্তমানে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিএমডিসি নিবন্ধিত চিকিৎসক ডাক্তার রোমান ইবনে আহাদ রিফাতের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
সাধারণত কী ধরণের সাপে কেটেছে সেটি বুঝতে পারলে চিকিৎসকদের জন্য রোগিকে চিকিৎসা দেয়া সহজ হয়। যে কারণে দংশন করা সাপটি মারা সম্ভব হলে অনেককেই সাপ নিয়ে হাসপাতালে যেতে দেখা যায়। চিকিৎসকেরা সাপটি দেখতে পেলে রোগীর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।




