নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০অক্টোবর) সকালে বরিশাল ক্লাব অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সংগঠনের দায়িত্বশীলদের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। ব্যক্তিগত আমল-আখলাক, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। দাওয়াতি তৎপরতা জোরদার করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বরিশাল জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। রুকনদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার সাথে মানুষের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। পরিকল্পিত দাওয়াতি তৎপরতা, গণসংযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বরিশাল জেলাকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী দুর্গে পরিণত করতে হবে।
তিনি আরও বলেন, সমাজে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সংগঠনের দায়িত্বশীলদের নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করতে হবে। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও কল্যাণের দিকগুলো তুলে ধরতে হবে। সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে নিয়মিত বৈঠক, পরামর্শ, প্রশিক্ষণ ও দাওয়াতি কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম।
জেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান ও ড. মাহফুজুর রহমান সহ বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




