মেঘনায় ইলিশ সংরক্ষণ অভিযানে জেলে-পুলিশ সংঘর্ষ, মৎস্য কর্মকর্তা আহত, ফাঁকা গুলি

হিজলা প্রতিনিধি

মা ইলিশ সংরক্ষণ অভিযানের দ্বিতীয় দিনে বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জেলে ও প্রশাসনের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ সংঘর্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ প্রশাসনের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে হিজলা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন হকের নেতৃত্বে একটি দল মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন জেলে নৌকা নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিলে প্রশাসনের সদস্যরা বাধা দেন। এতে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রশাসনের সদস্যরা জেলেদের নদী থেকে সরে যেতে বললে তারা তীরে গিয়ে ইট নিক্ষেপ শুরু করেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালালেও জেলেরা আরও নৌকা ও লোকজন জড়ো করে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে পুলিশ কোস্ট গার্ডকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানকে খবর দেওয়া হয়। পরে অতিরিক্ত সদস্য নিয়ে তিনি অরাকুল-সংলগ্ন মেঘনা নদীতে ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষ আরও তীব্র হয়।

হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, আমরা সংঘর্ষ থামানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হই। পরে পুলিশ আত্মরক্ষার্থে ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এ ঘটনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ প্রশাসনের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা ও তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top