বৈষম্যহীন ও উন্নত উজিরপুর গড়তে চাই : অ্যাডভোকেট আজম খান

উজিরপুর উপজেলা প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হচ্ছেন বিশিষ্ট আইনজীবী ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আজম খান। আইন পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। জনগণের অধিকার প্রতিষ্ঠা, নাগরিক সেবা নিশ্চিত করা এবং এলাকার সুষম উন্নয়নের প্রত্যয় নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

অ্যাডভোকেট আজম খান জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ছিলেন। আইন পেশায় যুক্ত থেকে সাধারণ মানুষের আইনি সেবা ও অধিকার রক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের কল্যাণেও কাজ করছেন তিনি।

উজিরপুরের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে অ্যাডভোকেট আজম খান একদল তরুণকে সঙ্গে নিয়ে ২০০৮ সালে ‘সিটিএস ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকার অসহায়, অভাবী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া এছাড়া তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) বরিশাল জেলার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আইন পেশা, সাংগঠনিক দায়িত্ব ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উজিরপুরের মানুষের কল্যাণে বৃহত্তর পরিসরে ভূমিকা রাখতে চান অ্যাডভোকেট আজম খান। তাঁর প্রত্যাশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে নাগরিক অধিকার প্রতিষ্ঠা, জনদুর্ভোগ নিরসন এবং এলাকার সুষম উন্নয়নে কাজ করার সুযোগ পাবেন।

চেয়ারম্যান পদে প্রার্থীতা সম্পর্কে অ্যাডভোকেট আজম খান বলেন, দীর্ঘদিন ধরে বরিশালের মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। এবার উজিরপুর উপজেলার মানুষের সার্বিক কল্যাণ, নাগরিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার সুষম উন্নয়নে নেতৃত্ব দিতে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আশা করি, উপজেলার সর্বস্তরের জনগণ তাঁদের মূল্যবান সমর্থন দিয়ে এলাকার সেবক হিসেবে আমাকে কাজ করার সুযোগ দেবেন।

উজিরপুর উপজেলাকে আধুনিক, বৈষম্যহীন ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top