ইরানের দিক থেকে আবারো ব্যালেস্টিক মিসাইল হামলার হুমকি থাকায় শিগগিরই ইসরাইলে থাড মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি সংবাদ মাধ্যম ওয়াই নেটের বরাত দিয়ে এক প্রতিবেদনে একথা জানিয়েছে লেবানন ভিত্তিক আল মায়েদিন।
খবরে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, বিশেষ করে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলার পর ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে।
এই খবর এমন একটি সময়ে প্রকাশ হলো যখন ইসরাইলকে ইরানের তেলক্ষেত্র ও পারমাণবিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট না বানাতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম থাড। যেটির পুরো নাম টার্মিনাল হাইল অল্টিচুড এরিয়া ডিফেন্স। তবে এটি নিয়ে অনেক দেশের আপত্তি আছে। কারণ এই মিসাইল ডিফেন্স যেখানে মোতায়েন করা হয়, তার চারপাশের দেশগুলোর ওপর এটি দিয়ে নজরদারি করা যায় বলে অভিযোগ আছে। ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ায় থাড মোতায়েন করার উদ্যোগ নেয়া হলে চীন তীব্র প্রতিবাদ জানিয়েছিলো। যে কারণে ইসরাইলে থাড পাঠানো হলে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্যও নতুন উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।




