বরিশাল জার্নাল ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোলাম কিবরিয়া লালন উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক লালন প্রধানমন্ত্রীর বাংলা ভাষার উচ্চারণ ও বক্তব্য নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ তোলে শিক্ষার্থীরা।
ঘটনাটিকে কেন্দ্র করে শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। ক্লাস শেষে তারা বিষয়টি অভিভাবকদের জানায়, যা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।
এরই জেরে বুধবার সকালে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, ঘটনাটি মঙ্গলবার রাতে জানতে পারি। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শিক্ষক লালন কটূক্তির বিষয়টি অস্বীকার করে দাবি করেন—দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে তিনি কেবল একটি মন্তব্য করেছিলেন।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিদ্যালয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টির অভিযোগে শিক্ষক লালনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগামীর সময়




