আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যকার ত্রিপক্ষীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদে অবস্থিত এই জোটের জেনারেল সেক্রেটারিয়েটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোমান মাহমুদ।
এর আগে ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনীর ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করা এই কর্মকর্তা ২০২৩ সালে অবসরে যান।
মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিশ্বে বেশ আলোচনা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যৌথভাবে বহুল আলোচিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেন।
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও বিস্তৃত করতে তুরস্ককে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই জোট গঠন করা হয়। ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় কূটনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে এটি ‘মক্কা জোট’ নামে পরিচিতি পায়।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিখ্যাত ৫ নম্বর অনুচ্ছেদের আদলে এই জোট তৈরি করা হয়েছে। জোটের বিধান অনুযায়ী, স্বাক্ষরকারী কোনো এক দেশের বিরুদ্ধে যেকোনো সশস্ত্র আগ্রাসনকে তিন দেশের ওপরই হামলা বলে গণ্য করা হবে।




