গৌরনদীতে পুকুরে ডুবে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

মৃত ফাহিম বিন ফিরোজ রাতুল (২০) গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী টিটু ফকিরের একমাত্র ছেলে। রাতুল বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বিকেলে রাতুল তার বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে আসেন। প্রথম দুইবার পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতরে সফলভাবে যেতে পারলেও, তৃতীয়বার সাঁতার কাটতে গিয়ে ঘাট থেকে কিছুটা দূরে গিয়ে হঠাৎ ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতুলকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতুলের অকাল মৃত্যুতে তার পরিবার ও বন্ধুবান্ধবসহ পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top