উজিরপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে বরিশালের উজিরপুরে গণসংযোগ করেছেন উপজেলা কমিটির নেতা-কর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালেকের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলার সাবেক সভাপতি ও শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মহিউদ্দিন সেলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোকন সরদার, বড়াকোঠা ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসাইন, পৌর জামায়াতের আমীর আল আমিন সরদারসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
গণসংযোগের অংশ হিসেবে নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিচিতিমূলক বই, কুরআন-হাদিস এবং বিভিন্ন ইসলামি সাহিত্য উপহার দেন।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই তাদের অন্যতম লক্ষ্য। ইসলামের আদর্শ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে তারা এ ধরনের দাওয়াতি ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।




