শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাশাইল ইকরা নূরানী মাদ্রাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার কেটে নেওয়াসহ নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, রাতে একদল দুর্বৃত্ত মাদ্রাসার প্রধান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টিন কেটে জানালার শিক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা শ্রেণিকক্ষ ও বিভিন্ন লাইনের বেশ কিছু মিটার ও সার্ভিসের তার কেটে নিয়ে যায়। এ সময় চোরের দল বেশ কয়েকটি ইলেকট্রিক বোর্ড ও তারের বাক্স ভাঙচুর করে এবং সেখানে সংরক্ষিত থাকা নগদ প্রায় ৩ হাজার ৫০০ টাকা নেয়।
শনিবার সকালে মাদ্রাসার শিক্ষকরা এসে সংযোগ বিচ্ছিন্ন ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। আকস্মিক এই ঘটনায় পুরো প্রতিষ্ঠানের বৈদ্যুতিক ব্যবস্থা বিকল হয়ে পড়েছে, যার ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন পরিচালনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ ঘটনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, মাদ্রাসার সম্পদ বিনষ্টের পাশাপাশি চুরির এ ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) সমীর জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




