বরিশাল জার্নাল ডেস্ক
কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি আসার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন আমির হামজার শ্যালক আবু বক্কর ও তার গাড়িচালক সাদ্দাম হোসেন।
সোমবার (১ জুন) আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।
আমির হামজার শ্যালক আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে দুলাভাই আমির হামজা একটি গাড়িতে আর আমি ও আমার বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে আমাদের গতিরোধ হয়। বারবার হর্ন দিলেও গাড়ি না সরলে আমাদের চালক নেমে কথা বলেন। এ সময় ওই ইজিবাইকের চালক দুঃখ প্রকাশ করেন।
তবে হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শ্যালক বলায় তারা আরও ক্ষিপ্ত হয়ে মুখে আঘাত করে। তখন আমার বোন গাড়ি থেকে বের হয়ে এলে তাকে এবং এমপি আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে।
এদিকে ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় রয়েছেন।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন।




