বরিশাল জার্নাল ডেস্ক: গত কয়েক দশক ধরে বিশ্বব্যাপী বক্সঅফিসে বলিউডের সিনেমার বাজার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ সম্প্রসারণের পেছনে বেশ কয়েকটি কারণ অবদান রেখেছে, যার মধ্যে রয়েছে বিস্তৃত আন্তর্জাতিক মুক্তি, বৈচিত্র্যময় বিষয়বস্তু এবং কার্যকর বিপণন।
গত দেড় দশকে বলিউডের যেসব সিনেমা বিশ্বব্যাপী ২০০ কোটিরও বেশি ভারতীয় রুপি আয় করেছে তার একটি তালিকা তৈরি করেছেন ভারতীয় গণমাধ্যম।
তালিকায় দেখা গেছে, বিশ্বব্যাপী বক্সঅফিসে ২০০ কোটিরও বেশি আয়কারী প্রথম বলিউড সিনেমা ছিল ‘থ্রি ইডিয়টস’। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানি পরিচালিত আমির খান, কারিনা কাপুর খান, আর মাধবন এবং শারমান যোশী অভিনীত এ সিনেমাটি বিশ্বব্যাপী এই মাইলফলক স্পর্শ করেছিল। তারপর থেকে, এই কৃতিত্ব অনেক সিনেমাই পেয়েছে। তবে শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের রেকর্ডটি কিন্তু এখনো আমির খানেরই দখলে। আর সেটি হচ্ছে ‘দঙ্গল’।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি বিশ্বব্যাপী ২ হাজার ৫৯ কোটি ভারতীয় রুপি আয় করে। মুক্তির প্রথম পর্যায়ে, সিনেমাটি বিশ্বব্যাপী ৭৫০ কোটি রুপিরও বেশি আয় করে। ২০১৭ সালে, সিনোমটি চীনা বক্সঅফিস বিশাল সাফল্য পায় এবং অবশেষে ২০০০ কোটি রুপিরও বেশি আয়ের ইতিহাস তৈরি করে।
এ ছাড়া বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির বেশি আয় করা সিনেমার নায়ক শাহরুখ খান। তালিকায় সালমান খানেরও একাধিক সিনেমা রয়েছে। আরও রয়েছে অক্ষয় কুমার, অজয় দেবগনের সিনেমাও।
তালিকার প্রথম থেকে ক্রমানুসারে (কোটির হিসাবে)- দঙ্গল (২০৫৯), জওয়ান (১১৬৩), পুষ্পা-২ (হিন্দি-১০৮৬), পাঠান (১০৬৯), বজরঙ্গী ভাইজান (৯১৫), অ্যানিমেল (৯১০), সিক্রেট সুপারস্টার (৯০২), বাহুবলী-২ (হিন্দি-৮৯৩), স্ত্রী-২ (৮৮৪), পিকে (৮৩১)।




