এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ নেপালি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ।

 

এদিকে জমে উঠেছে অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। কাবিলা, হাবু, পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে ফিরে এসেছে নেহাল। পাশাপাশি ফিরেছেন আরেফিনও।

 

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমে যুক্ত হচ্ছেন নেপালি অভিনেত্রী! বুধবার (২৯ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নির্মাতা অমি তেমনই ইঙ্গিত দিয়েছেন। অভিনেত্রীর একটি ছবি প্রকাশ করে অমি লিখেছেন, চরিত্রটি কে হতে পারে অনুমান করুন।

 

নির্মাতার পোস্টের পরপরই সরগরম নেটদুনিয়া। মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন—মতলবের নেপালি বউ, আবার কেউ বলছেন, হাবুর প্রেমিকা।

 

নেপাল থেকে গণমাধ্যমকে অমি জানান, তিনি একজন নেপালি অভিনেত্রী। চ্যাপ্টার ১২-তে সারপ্রাইজ হিসেবে তাকে দেখা যাবে। এই সিজনের ‘নিউ সেনসেশন’ তিনি। তবে অভিনেত্রীকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নির্মাতা।

 

জনপ্রিয় এই সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top