আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল, নিশ্চিত করলেন আমির

বরিশাল জার্নাল ডেস্ক

আবারও সিনেপ্রেমীরা দেখতে পারবেন ফুংসুখ ওয়াংড়ুর চরিত্রে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সেই পাগলাটে চরিত্র। ২০০৯ সালের ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল দেখা যাবে খুব শিগগির। এরই মধ্যে চিত্রনাট্যসহ বেশ কিছু কাজ শুরু হয়ে গেছে। আর খবরটি নিশ্চত করেছেন আমির খান নিজেই।

 

বেশ কিছু দিন ধরে বলিপাড়ায় গুজব আর গুঞ্জন ছিল, সাড়া জাগানো ‘থ্রি ইডিয়ট’-এর সিক্যুয়েল আসবে। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি কেউই। দর্শকদের আগ্রহের শীর্ষে থাকা সিনেমাটি কবে আসবে—তা নিয়েই ছিল চর্চা। এর আগে বেশ কয়েকবার সিনেমাটি নিয়ে জোরেশোরে গুজব ছড়িয়েছিল।

 

আমির খান সম্প্রতি এক সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, রাজকুমার হিরানির এই সিনেমার বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলটি নির্মাণাধীন রয়েছে। সাক্ষাৎকারে আমির খান জানান, এ মুহূর্তে তিনি ‘থ্রি ইডিয়টস ২’ নিয়েই কাজ করছেন। চিত্রনাট্যের ওপর কিছু কাজ বাকি। এতে একই রকম হাস্যরস এবং একটি ব্যতিক্রমী গল্প থাকছে বলে জানা যায়। আর গল্পটির প্রেক্ষাপট ১০ বছর পরের।

 

বলিউড পারফেকশিইনস্ট আমির তার প্রিয় চরিত্র ফুংসুখ ওয়াংডু হিসেবে ফের পর্দায় আসতে উন্মুখ হয়ে আছেন। রাজু (শারমান জোশি) ও ফারহানের (আর মাধবন) সঙ্গে আবারও র‌্যানচোর দাস চ্যানচোর হয়ে জুটি বাঁধার অপেক্ষা করছেন বলে তিনি জানান। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট

 

যদিও আমির খান মূল শুটিং কবে শুরু হবে, সেটি জানাননি। তবে ইঙ্গিত দিয়েছেন, এ প্রকল্পটিই তার পরবর্তী সিনেমা হতে যাচ্ছে। গত ডিসেম্বরে শারমান জোশিও সিনেমাটির সিক্যুয়েল তৈরি হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

 

মূল সিনেমায় আমির খান অভিনীত ফুংসুখ ওয়াংডু চরিত্রটি সোনম ওয়াংচুক দ্বারা অনুপ্রাণিত, যিনি লাদাখের একজন শিক্ষাবিদ এবং ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ’-এর মাধ্যমে টেকসই প্রকৌশল এবং বিকল্প শিক্ষা মডেল নিয়ে কাজ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top