শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জ
বাকেরগঞ্জ শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। রবিবার (৩ই নভেম্বর ) সকালে বাকেরগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে.এম ইসমাম। এ সময় উপস্থিত ছিলো বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
কে.এম ইসমাম বলেন, সরকারি নির্দেশ অনুয়ায়ী আমাদের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বরিশাল-বরগুনা রোড সংলগ্ন সরকারি দপ্তরের জায়গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ দখলদার উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালিত হয়। পাশাপাশি কোন চাঁদাবাজ চক্রের যোগসাজশে যেন পৌর এলাকার কোন রাস্তা কিংবা সড়ক অবৈধ দখলদারদের হাতে না যায় সে বিষয়ে উপজেলার সকল সম্মানিত নাগরিকদের নিকট হতে তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা কামনা করছি।
তথ্য প্রদানের জন্য উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ক্যাম্প ও পুলিশ ক্যাম্পে যোগাযোগের জন্য অনুরোধ করেন তিনি। শান্তি-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও পৌরসভার জনসাধারণের চলাচল সহজ করার লক্ষ্যে এ অভিযান চলমান থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
বাসস্ট্যান্ডসহ বাকেরগঞ্জ সরকারি কলেজের প্রবেশপথ ও বাকেরগঞ্জ-বরগুনা সড়কের পাশে যত অবৈধ স্থাপনা ছিল সব উচ্ছেদ করা হয়েছে এদিন। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগেই মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। বাকেরগঞ্জে রাস্তার দুই পাশে এখনো যত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঘটনাস্থলে উপস্থিত পৌর শহরের একাধিক বাসিন্দা প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানান। তাদের দাবি, ভবিষ্যতে অন্য কেউ যাতে পেশি শক্তি বা রাজনৈতিক শক্তি দিয়ে আবার অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে।




