বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারের খোঁজখবর নিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামে যান বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
শুক্রবার (১৮ জুলাই) জেলা প্রশাসক আবিরের গ্রামের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন এবং পরিবারের খোঁজখবর নেন। জুম্মার নামাজ আদায় শেষে পাশের মসজিদে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মসজিদের বারান্দা নির্মাণের জন্য তাৎক্ষণিকভাবে টিন প্রদান করার ঘোষণা দেন। এছাড়া শহীদ আবিরের কবরের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন তিনি।
জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, শহীদ আবিরের পরিবারের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট ঢাকায় গুলিতে নিহত হন শহীদ আব্দুল্লাহ আল আবির।




