বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল-কূয়াটাকা মহাসড়কে ভোলা রোডের সংযোগস্থলে ‘নারায়নগঞ্জ ট্রাভেলস’ নামের একটি বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিপার্টমেন্টের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাইশা ফওজিয়া মীম নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত আনুমানিক দশটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা সড়কের সংযোগস্থলে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মাইশা মহাসড়ক পার হওয়ার সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে একটি বাস তাঁকে চাপা দেয়। পরে আহত মাইশাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পরলে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সড়কে চলে আসে এবং বিক্ষভ প্রদর্শন করে। বিক্ষুব্ধ ছাত্রজনতা এক পর্যায়ে গাড়িটিকে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। চালক পালিয়ে যায়।

মীমের মৃত্যুতে রাতেই ভিসির কার্যালয় ঘেরাও করেন ছাত্র-ছাত্রীরা। তারা এ ঘটনার বিচার দাবি করেন।

স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগতিতে বরিশালের দিকে যাচ্ছিল। বাসের ধাক্কায় মাইশা ছিটকে রাস্তার মাঝখানে পড়ে গেলে তাঁর শরীরের একাংশের ওপর দিয়ে বাসটি চলে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে দ্রুত আমরা হাসপাতালে যাই। কিন্তু হাসপাতালের নেওয়ার পরপরই মাইশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশকে অনুরোধ করেছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top