বক্তব্যের জন্য বিএনপি নেতা ফরহাদের ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

আইনজীবীদের নিয়ে বিতর্কীত বক্তব্য দেয়ায় প্রতিবাদের মুখে ক্ষমা চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সাবেক এমপি মেহবা উদ্দিন ফরহাদ।  শুক্রবার (৭ নভেম্বর) সকালে সাবেক এই এমপি বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তার দেওয়া বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ নভেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে একটি অনুষ্ঠানে অনিচ্ছাকৃতভাবে শব্দচয়নে ভুলের কারণে আমি আইনজীবী সম্প্রদায় সম্পর্কে একটি মন্তব্য করে ফেলি, যা পরবর্তীতে আমার কাছে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, আমি উপলব্ধি করেছি—এটি আমার পক্ষ থেকে একটি ভুল ছিল। আমি আইনজীবী পেশাকে গভীর শ্রদ্ধার সঙ্গে দেখি। বাংলাদেশের আইন-আদালত ব্যবস্থা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং অনস্বীকার্য। আমার বক্তব্যে কারও মনে কষ্ট বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকলে, আমি সমস্ত আইনজীবী সম্প্রদায়ের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি।

এর আগে গত বুধবার (৫ নভেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় মহিলা দলের উঠান বৈঠকে দেওয়া ‘ওকালতি যারা করে, তারা কিন্তু টাউট-বাটপার হয়’ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ নিয়ে আইনজীবীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।  বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা বরিশাল প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনও করেছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top