মোঃ হানিফ সরদার, গৌরনদী প্রতিনিধি
গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠী গ্রামে হাঁসের ধান খাওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ দুইজন আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সাকোকাঠী গ্রামের লতিফ সরদারের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন সরদারের আমন ধানের আবাদে একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল সরদারের হাঁস ঢুকে ধান ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে কামাল সরদার ও তার পরিবারের সদস্যরা নাসির উদ্দিনের ওপর এলোপাতাড়ি হামলা চালায় এবং লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী বেবি বেগমকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় বাদি হয়ে নাসির উদ্দিন গৌরনদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শরিকল তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে কামাল সরদারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, হাঁসের ধান খাওয়া নিয়ে ঝগড়া হয়েছিল। বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসা হয়ে যাবে।




