মোহাম্মদ ইউসুফ
বরিশাল মহানগরীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২০২৫ এর বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি শনিবার (২ মে) সকাল ৯টায় নগরীর প্যাভিলিয়ন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের বরিশাল মহানগরী চেয়ারম্যান হাসান নাইম, সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আসিফুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ।
প্রধান আলোচক ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের বরিশাল মহানগরের সাবেক চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি মোঃ আবদুল হাই ও জমজম নার্সিং কলেজের নির্বাহী পরিচালক সাজ্জাদুল হক। এছাড়াও নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল বরিশালের ঐতিহ্যবাহী শিল্পীগোষ্ঠী ‘হেরারশ্মি শিল্পীগোষ্ঠী’র মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি পরিবেশিত হয় কিশোরকণ্ঠের থিম সংগীত।
এ বছর সাধারণ ও ট্যালেন্টপুল এই দুই গ্রেডে সর্বমোট ১০৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো করার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সবার কাছে প্রশংসিত হয়েছে।




