গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সকল সম্প্রদায়ের লোকজনকে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সাম্যের বাংলাদেশ গড়ব।. যেখানে সকল ধর্ম সম্প্রদায়ের লোকজন নির্বিঘ্নে তাদের ধর্ম কর্ম পালন করতে পারে। দুর্গাপূজার উৎসবকে ঘিরে ষড়যন্ত্রকারীরা নানা ষড়যন্ত্র করতে পারে এজন্য বিএনপি ছাত্রদল যুবদলকে সর্বদা সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা যেন কোন অঘটন ঘটিয়ে বিএনপির কাঁধে দোষ চাপাতে না পারে সেজন্য আপনাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ। যেখানে সকল ধর্ম সম্প্রদায়ের লোকজন সুখে-শান্তিতে বসবাস করবে।
রোববার দুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ সমূহের সভাপতি-সম্পাদকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে বেলা ১১টায় শুরু হওয়া ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ সফিকুর রহমান স্বপন, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সজল সরকার।
বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক লাল আচার্য, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি প্রেমানন্দ ঘরামী, সুধাম চন্দ্র পাল প্রমূখ।




