বরিশাল জার্নাল ডেস্ক
ব্যাটিং-বোলিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ২৭৩ রানে হারলো স্বাগতিক বাংলাদেশ। টেস্ট ইতিহাসে ইনিংস বিবেচনায় সবচেয়ে বড় জয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আগেরটিও ছিলো বাংলাদেশের বিপক্ষে। ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে জিতেছিলো প্রোটিয়ারা।
তৃতীয় দিনে এই টেস্ট হেরে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হেরেছিলো শান্ত-মিরাজরা। ২-০ ব্যবধানে সিরিজ জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালের পর উপমহাদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতলো প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ৫৭৫ রানের জবাবে ১৫৯ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে বাংলাদেশ। ৪১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রাখে ব্যাটাররা। ৪৩.৪ ওভারে ১৪৩ রানে অলআউট হয় টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের মাত্র তিনজন এবং দ্বিতীয় ইনিংসে চারজন ব্যাটার দুই অংকে পা রাখতে পারে। তৃতীয় দিনই বাংলাদেশের ১৬ উইকেটের পতন হয়েছে।




