বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্ত জানান ডানহাতি এই ফাস্ট বোলার।
গত কয়েক বছর ধরে জাতীয় দলে সুযোগ না পেলেও আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি রুবেল। তবে এবার নিজেই আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি টানলেন। যদিও তিনি স্পষ্ট করেছেন, ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।
নিজের বার্তায় রুবেল জাতীয় দলের হয়ে খেলার স্মৃতিকে বিশেষভাবে স্মরণ করেছেন। বাংলাদেশের জার্সিকে নিজের আবেগের জায়গা উল্লেখ করে তিনি জানিয়েছেন, সময়ের দাবি মেনেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পাশাপাশি পরিবার, সতীর্থ, গণমাধ্যম এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটেই দেশের প্রতিনিধিত্ব করেছেন রুবেল। টেস্টে ২৭ ম্যাচে তার শিকার ৩৬ উইকেট। ওয়ানডেতে ১০৪ ম্যাচ খেলে নিয়েছেন ১২৯ উইকেট, আর টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে পেয়েছেন ২৮টি উইকেট।
২০০৯ সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল রুবেলের। একই বছর টেস্ট ও টি-টোয়েন্টিতেও পথচলা শুরু করেন তিনি।




