মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

বরিশাল জার্নাল ডেস্ক

শুক্রবার (২৮ মার্চ) দক্ষিণ-পূর্ব এশিয়ায় শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে এবং মিয়ানমারের মান্দালয় শহরে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়ে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, শুক্রবার দুপুরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ৭.৭ এবং এর কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহরের ১৭.২ কিলোমিটার দূরে, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর শক্তিশালী আফটারশকও (পরবর্তী কম্পন) অনুভূত হয়।

প্রতিবেদন অনুযায়ী, মান্দালয় শহরে একটি মসজিদ ধসে পড়ার ফলে অনেকে হতাহত হয়েছেন। যাদের মধ্যে অনেকে নামাজ আদায় করছিলেন।
শহরটিতে উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তাসংস্থা আনাদোলু স্থানীয় সংবাদমাধ্যম খিত তিতের বরাতে জানিয়েছে, ভূমিকম্পে মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদ ধসে পড়েছে। এছাড়া সেখানে আরও অন্তত তিনটি মসজিদ ভেঙে পড়ে। মসজিদ ধসে এখন পর্যন্ত অন্তত ২০ জন মারা গেছেন।

একজন উদ্ধারকর্মী বলেছেন, “আমরা যখন নামাজ পড়ছিলাম তখন এটি ধসে পড়ে। তিনটি মসজিদ ধসে পড়েছে। মানুষ আটকে আছেন। এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেশি হতে পারে। শি ফো শিং মসজিদও ধসে পড়েছে।”

এছাড়া স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মান্দালয়ে ইরাবতী নদীর ওপর একটি পুরনো সেতু ধসে পড়েছে।

বহু আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে এবং অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়েছে। মান্দালয় বিমানবন্দর ও টাউংগি শহরের একটি মঠ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্দালয় বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে এবং সেখানে হতাহতের আশঙ্কা রয়েছে। মিয়ানমারের ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘আমরা উদ্ধার অভিযান শুরু করেছি এবং ইয়াঙ্গুনসহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছি। এখনো বিস্তারিত তথ্য পাইনি’।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, মান্দালয়ের রাস্তায় ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top