বরিশাল জার্নাল ডেস্ক
সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। এ সময় দ্রুত নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে যাওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে এ ঘটনা ঘটে। সেখানে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। অনুষ্ঠানে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং অতিথিরা উপস্থিত ছিলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন।
ঘটনার সময় হঠাৎ বিকট শব্দ শোনা গেলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তাকর্মীরা চিৎকার করে সবাইকে নিচে ঝুঁকে পড়তে বলেন। অনেকেই টেবিলের আড়ালে আশ্রয় নেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত পদক্ষেপ নেয় সিক্রেট সার্ভিস। তারা প্রেসিডেন্ট ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
বিবিসির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দের পর উপস্থিতরা টেবিলের আড়ালে আশ্রয় নিচ্ছেন এবং নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। পরে পুরো এলাকা ঘিরে ফেলে সশস্ত্র নিরাপত্তা বাহিনী।
প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাম্প ও অন্যান্য কর্মকর্তারা নিরাপদ আছেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অনুষ্ঠান পুনরায় শুরু করার কথাও জানানো হয়।
তবে কী কারণে গুলির শব্দ শোনা গেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। তদন্ত শেষে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




