ট্রাম্প-মোদির সম্পর্কে শুল্কের ধাক্কা, বেকায়দায় দিল্লি

বরিশাল জার্নাল ডেস্ক

এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দেশ ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে পিছিয়ে দিয়েছে বলে মনে করেন ওয়াশিংটনের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর উপদেষ্টা ক্রিস্টাল কাউল।

মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের শুল্ক আরোপ প্রসঙ্গে ক্রিস্টাল কাউল বলেন, “গত বেশ কয়েক দশক ধরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে, তাকে পিছিয়ে দিয়েছে এই শুল্ক আরোপ।”

ভারতের ওপর আরোপিত এই শুল্ক অবিলম্বে বাতিল করা উচিত বলেও মন্তব্য করেছেন কাউল। পিটিআই-কে তিনি বলেছেন, “ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছরের। আপাতভাবে অনেক কিছুই মনে হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার ভারতের প্রতি বৈরী মনোভাব পোষণ করে না।”

প্রসঙ্গত, ট্রাম্প ক্ষমতায় আসার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর ধার্য রপ্তানি শুল্ক ছিল ১৫ শতাংশ। ২০২৪ সালের নির্বাচনে জিতে ’২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ট্রাম্প। পরে মার্চ মাসে শুল্কের হার ১০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করেন তিনি।

গত এপ্রিলে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। প্রায় চার দিন সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। যুদ্ধবিরতির জন্য পরে পাকিস্তান ট্রাম্পকে কৃতিত্ব দিলেও ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তার অবদান স্বীকার করেনি।

এই নিয়ে দুই মাস ধরে টানাপোড়েন চলার পর আগস্টের শুরুর দিকে ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প; ফলে মোট ধার্যকৃত শুল্ক বেড়ে পৌঁছেছে ৫০ শতাংশে। আজ ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে এই শুল্ক।

ট্রাম্পের এই অতিরিক্ত শুল্কের জেরে ভারতীয় রপ্তানিকারকদের কমপক্ষে ৪৫ হাজার কোটি ডলারের লোকসান গুণতে হবে বলে ধারণা করা হচ্ছে।

ভারত অবশ্য এই অতিরিক্ত শুল্ক আরোপকে ‘অন্যায্য ও অযৌক্তিক’ উল্লেখ করে বলেছে, শুল্ক প্রত্যাহারের জন্য নয়াদিল্লি কখনও ওয়াশিংটনের কাছে মাথা নত করবে না।

সূত্র : পিটিআই, এনডিটিভি ওয়ার্ল্ড

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top