আমিই জয়ী : ট্রাম্প

বরিশাল জার্নাল ডেস্ক

নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি।

বিবিসি বলছে, মধ্যরাতে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আনুষ্ঠানিক ফলাফল তখনো আসেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প ২৭০ ইলেকটোরাল ভোট থেকে মাত্র ৪ ভোট দূরে রয়েছেন।

ফ্লোরিডায় নিজের প্রচার শিবিরের সদর দপ্তরে উত্তেজনায় পূর্ণ জনতার সামনে ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে “নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন” হিসেবে বিবেচনা করবে বলে তিনি আশা করেন।

ডেমোক্র্যাটিক পার্টির কাছ থেকে সিনেটে তার দলের হাতে নিয়ন্ত্রণ যাওয়াকে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।”

এসময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়ে তাকে “ফার্স্ট লেডি” বলে উল্লেখ করেন। তিনি তার লেখা বইয়ের প্রশংসা করে বলেন, তার “দেশের এক নম্বর বেস্ট সেলার” আছে। ট্রাম্প বলেন, “তিনি দুর্দান্ত কাজ করেছেন। তিনি মানুষকে সাহায্য করার জন্য খুব কঠোর পরিশ্রম করেন।”

এছাড়া জনতা স্লোগান দেওয়ার পর একপর্যায়ে ট্রাম্প এমন একজনের সম্পর্কে কথা বলতে শুরু করেন যিনি তার প্রচার শিবিরের একটি প্রধান অংশ হয়ে উঠেছিলেন। আর তিনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর মালিক এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

তিনি মাস্ককে রিপাবলিকান পার্টির “নতুন তারকা” হিসাবেও এসময় আখ্যায়িত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top