মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
শনিবার (২৮ জুন) বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে মাদরাসা প্রধানদের নিয়ে এক বিশেষ সভা বোরহানউদ্দিন ইসলামিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন মাদরাসার প্রধানগণ অংশগ্রহণ করেন এবং মাদরাসা শিক্ষার মানোন্নয়নে গঠনমূলক আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়াতুল মোদাররেছীন-এর সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ উল্লাহ আনছারী। উপস্থিত ছিলেন মজমের হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. ফয়জুল আলম, হাকিমউদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আল-আমিন, মির্জাকালু ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো. নরুননবী, ছোট মানিকা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. সাইফুল্লাহ, ইদারা দাখিল মাদরাসার সুপার মাও. ফখরুল ইসলাম, বোরহানউদ্দিন রহমানিয়া দাখিল মাদরাসার সুপার মাও. মেছবাহ উদ্দিন, শান্তিরহাট দাখিল মাদরাসার সুপার মাও. ইয়াহিয়া এবং অন্যান্য মাদরাসার সুপারগণ।
সভায় মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। যার মধ্যে রয়েছে, প্রতিটি মাদরাসায় সুষ্ঠু ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করে আরবি, ইংরেজি ও গণিত শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আরবি ভাষার প্রতি ভীতি দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এলমে ক্বিরাত শিক্ষায় গুরুত্বারোপ করে ছাত্রদের ক্বিরাত চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। এবং আসন্ন অর্ধবার্ষিক ও অন্যান্য প্রাতিষ্ঠানিক পরীক্ষা নকলমুক্ত পরিবেশে গ্রহণ করতে হবে। এতে শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় নকলমুক্তভাবে অংশগ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত হবে।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ মাদরাসা শিক্ষার সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে আরও সম্মিলিত প্রয়াস চালানোর আহ্বান জানান।




