বরিশাল জার্নাল ডেস্ক
এক বছর বিরতির পর দেশের ৮ বিভাগে উন্মুক্ত মাঠে তাফসিরুল কোরআন মাহফিল করতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, ‘এক বছর বিরতির পর ৮ বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কোরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।’
মাহফিলে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে—সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কোরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করে না দেয়।’
মাহফিলের সার্থকতা শুধু জনসমাগম বা আয়োজনের ব্যাপকতার মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে আজহারী লেখেন, ‘আমাদের মনে রাখতে হবে, মাহফিলগুলোর সার্থকতা কেবল বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতায় নয়; বরং প্রকৃত সার্থকতা তখনই, যখন কোরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তাগুলো আমাদের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হবে। তাহলেই ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ।’
পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘কোরআনের ইউনিভার্সাল ম্যাসেজ আমাদের সঠিক জীবন দর্শন শেখায়। চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই, কোরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন। ইনশাআল্লাহ, শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।’




