হিজলায় নদীভাঙন রোধে দৃশ্যমান অগ্রগতি, ২টি প্যাকেজের কাজ প্রায় শেষ

মো: ইয়াসিন হেলাল, হিজলা (বরিশাল)

বরিশালের হিজলা উপজেলাকে মেঘনার শাখা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় বাস্তবায়নাধীন ‘মেঘনার শাখা নদীর ভাঙন হতে বরিশাল জেলার হিজলা উপজেলাধীন পুরাতন হিজলা, বাউশিয়া ও হরিনাথপুর এলাকা রক্ষা’ শীর্ষক প্রকল্পের কাজ দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে বাউশিয়া এলাকায় নদী তীর প্রতিরক্ষা বাঁধের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের আওতাধীন ১২ ও ১৩ নম্বর প্যাকেজের কাজও প্রায় সমাপ্ত।

জানা যায়, হিজলা উপজেলাকে নদীভাঙনের কবল থেকে রক্ষার লক্ষ্যে ২০২৪ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় ১০ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য ৫৬৮ কোটি টাকা ব্যয়ে ২১টি প্যাকেজের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব প্যাকেজের কাজ পরিচালিত হচ্ছে।

২১টি প্যাকেজের মধ্যে ১২ ও ১৩ নম্বর প্যাকেজের আওতায় বাউশিয়া ৮ নম্বর ওয়ার্ড এলাকায় নূনা-মাইশা ও নিয়াজ মাইশা নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। প্রায় তিন বছর ধরে প্রতিষ্ঠান দুটি প্যাকেজের নির্ধারিত কাজ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

সরেজমিনে দেখা যায়, উক্ত দুটি প্যাকেজের আওতায় প্রায় ৬০০ মিটার নদীতীর প্রতিরক্ষা বাঁধের নির্মাণকাজ প্রায় সম্পন্ন হয়েছে। বাঁধের সৌন্দর্যবর্ধন ও জনসাধারণের ব্যবহার উপযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে ১২টি সোলার লাইট, ১২টি বসার বেঞ্চ এবং ছাতা-সংবলিত ৬ সেট বৈঠকখানা নির্মাণ করা হয়েছে। এছাড়া ৬টি সিঁড়ির মধ্যে ৫টির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং অপরটির কাজ চলমান রয়েছে।

প্রকল্পের এ দুটি প্যাকেজে সর্বমোট ৩,০১,৯৪০টি ব্লক ডাম্পিং করা হয়েছে। পাশাপাশি ১,১১,৭৭৮টি জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে নদীতীর সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। এসব কাজ বাস্তবায়নে প্রায় ৪৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্যাকেজ দুটির কাজের সার্বিক তদারকি ও দেখভালের দায়িত্ব পালন করছেন শাখা কর্মকর্তা মো. বেলাল হোসেন। সংশ্লিষ্ট কাজের অগ্রগতি ও বাস্তবায়ন বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই প্যাকেজগুলোর কাজ শতভাগ সম্পন্ন করে হস্তান্তর করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী। বর্তমানে কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং অবশিষ্ট সময়ের মধ্যেই বাকি কাজ সম্পন্ন করা হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার মো. রুবেল হোসেন বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কাজের গুণগত মান বজায় রেখে শতভাগ নিখুঁতভাবে কাজ সম্পন্ন করতে। আমাদের সব কাজই এখন সমাপ্তির পথে। ডিসেম্বর মাসের মধ্যেই কাজ সম্পন্ন করে হস্তান্তর করতে আমরা বদ্ধপরিকর।

একই ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. জুয়েল মোড়ল বলেন, আমরা নিরলস পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে নির্ধারিত কাজ সম্পন্ন করার চেষ্টা করেছি। আমাদের শ্রমিকরা দিন-রাত পরিশ্রম করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই দুটি প্যাকেজের কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

এদিকে নির্মাণকাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।  তবে নদীতে গোসল ও দৈনন্দিন ব্যবহারের জন্য নির্মিত সিঁড়ি বা ঘাটের অবস্থান ও গভীরতা নিয়ে কিছুটা অসন্তোষও রয়েছে তাঁদের মধ্যে।

স্থানীয় বাসিন্দা মো. বেলাল বলেন, তাদের কাজে আমরা খুশি। তবে গোসলের ঘাটের সিঁড়িগুলো আরও নিচের দিকে নামিয়ে নির্মাণ করা হলে সাধারণ মানুষ বেশি উপকৃত হতো।

স্থানীয় ব্যবসায়ী জাকির বলেন, তারা সর্বাত্মক চেষ্টা করেছে কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। আমরা তাদের কাজে সন্তুষ্ট।

মো. দুলাল বেপারী বলেন, এ ধরনের উন্নয়নমূলক নদীরক্ষা বাঁধ নির্মাণের জন্য সরকার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। তবে নির্মাণকৃত সিঁড়ি বা ঘাটগুলো মানুষের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে আরও নদীর ভেতরের দিকে নির্মাণ করা হলে ভালো হতো।

এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াস সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্যাকেজ দুটির কাজ সম্পন্ন হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে সরেজমিনে পরিদর্শন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

সর্বোপরি, দীর্ঘদিনের নদীভাঙনে বসতভিটা ও মূল্যবান সম্পদ হারানো বাউশিয়াসহ সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে এ নদীতীর প্রতিরক্ষা বাঁধ নতুন আশার সঞ্চার করেছে।  এলাকাবাসীর দাবি, নির্মিত বাঁধটি যেন কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে বিশেষ করে স্থানীয় প্রশাসনের কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।

পাশাপাশি বাঁধের স্থায়িত্ব ও কার্যকারিতা দীর্ঘদিন বজায় রাখতে পানি উন্নয়ন বোর্ডের নিয়মিত তদারকি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top