বাকেরগঞ্জের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ডাক

 

বরিশাল জার্নাল ডেস্ক : ‘আমরা বাকেরগঞ্জবাসী’ সংগঠনের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) অডিটোরিয়ামে সোমবার (২৬ মে) অনুষ্ঠিত হয়েছে ‘বাকেরগঞ্জ উপজেলা উন্নয়ন ভাবনা’ শীর্ষক সেমিনার। বাকেরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নের পথরেখা নির্ধারণ এবং সম্মিলিত প্রয়াসের মাধ্যমে অগ্রযাত্রা নিশ্চিত করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্ববায়ক আবুল হোসেন খান,  বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

মিজানুর রহমান খানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাংকার ও সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ জাকির হুসাইন। সেমিনারের মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপন করেন চরাদী ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ রুহুল আমিন।

আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাসির হাওলাদার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, নুরুল ইসলাম খান মাসুদ, ডঃ মিম আতিকুল্লাহ, আব্দুর রহিম, ব্যারিস্টার মাসুম বিল্লাহ এবং বাকেরগঞ্জ উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্য সচিব রুহুল আমীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে বাকেরগঞ্জ উপজেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরেন এবং এর নিরসনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা সকলে একমত হন যে, দলমত নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাকেরগঞ্জ উপজেলার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এই সেমিনার বাকেরগঞ্জের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভিত্তি স্থাপন করেছে বলে উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top