কার্বন ফেস্ট : জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

 

ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি : বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘কার্বন ফেস্ট ২০২৫’-এ পোস্টার প্রেজেন্টেশনে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মঞ্জুরুল ইসলাম।

গত ২৩ মে (শুক্রবার) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে গাজীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘ফুটপ্রিন্টস টু ব্লুপ্রিন্টস: টেকসই কৃষি ও কার্বন নিউট্রালিটির পথ’ শীর্ষক পোস্টারে মঞ্জুরুল জলবায়ুবান্ধব কৃষি ও কার্বন নিঃসরণ হ্রাসে উদ্ভাবনী সমাধান উপস্থাপন করেন, যা বিচারকদের নজর কাড়ে এবং তাকে বিজয়ী করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিসিডিবি’র নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার এবং এনভোলিড লিমিটেডের সিইও মোরশেদুল বারী।

‘অ্যাগ্রিডিকার্বাথন ২০২৫’ শিরোনামের এই আয়োজনে সহায়তা করে আইসিসিসিএডি এবং এগ্রোট্রেন্ডস। পোস্টার উপস্থাপনার পাশাপাশি আয়োজন করা হয় ভিডিও ডকুমেন্টারি, কার্বন কোয়েস্টসহ জলবায়ু বিষয়ক আরও নানা প্রতিযোগিতা।

চ্যাম্পিয়ন মঞ্জুরুল ইসলাম অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বাংলাদেশের প্রথম কার্বন ফেস্টে জাতীয় পর্যায়ের স্বীকৃতি পাওয়া আমার জন্য গর্বের। মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান খোঁজার চেষ্টাই আমার কাজের মূল প্রেরণা। অ্যাগ্রিডিকার্বাথনের মাধ্যমে আমি সম্মানিত ব্যক্তিদের সঙ্গে সংলাপে অংশ নিতে পেরেছি, যা আমার জন্য ছিল দারুণ এক অভিজ্ঞতা।

উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাড়াও গাজীপুরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে জলবায়ু সচেতন করে গড়ে তুলতেই এই আয়োজন, যা আগামীতে পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top